তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তুকাহাশি জুনকু।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন। তাঁর আগমনে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
পরিদর্শনকালে JICA বাংলাদেশের প্রধান তুকাহাশি জুনকু শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে কিছু সময় আন্তরিক পরিবেশে কাটান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাঁর সরাসরি মতবিনিময় ও কুশল বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
একজন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রধানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের এই সুযোগ শিক্ষার্থীদের জন্য আনন্দের পাশাপাশি একটি স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা হয়ে ওঠে।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ জানায়, JICA বাংলাদেশের প্রধানের এই পরিদর্শন প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত সম্মানের। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্তর্জাতিক উন্নয়ন কর্মকাণ্ড ও সহযোগিতার বিষয়ে জানার ক্ষেত্রে এ ধরনের যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিবারের পক্ষ থেকে JICA বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তুকাহাশি জুনকুকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।