দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক, কথাসাহিত্যিক ও লোকসাহিত্যিকদের নিয়ে রাজধানী ঢাকার ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উসমান জামিল অডিটরিয়ামে সম্প্রতি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘কবি আল্লামা ইকবাল স্মরণ সভা’। উক্ত স্মরণ সভায় সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা লাভ করেছেন মাটি ও মানুষের পরিচিত মুখ কবি মুখলেছ উদ্দিন। 
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, দেশ-বিদেশের বরেণ্য কবি-সাহিত্যিক, গবেষক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে তাকে এই সম্মাননা স্মারক, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
নিজের এই অর্জন নিয়ে অনুভূতি প্রকাশ করে কবি মুখলেছ উদ্দিন বলেন, “আমার আজকের এই কৃতিত্ব ও সম্মাননা সম্পূর্ণ মহান আল্লাহর অশেষ রহমত এবং আমার শ্রদ্ধেয় মাতা-পিতা ও আপনাদের সকলের ভালোবাসা ও দোয়ার ফসল। দেশ ও বিদেশে বসবাসরত আমার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী এবং গুণীজন—সবার অনুপ্রেরণা ও দোয়া আমার পথচলাকে সবসময় সমৃদ্ধ করেছে। আমি ভবিষ্যতেও সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”