মোঃ মাহবুব আলম
বিশেষ প্রতিনিধি:
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিত ৯,৮৪২ জন প্রার্থীর নিয়োগের বিষয়ে শিক্ষা সচিবের ইতিবাচক আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান মানববন্ধন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, শাহবাগ থেকে।
আজ ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, দুপুর ২টা ০৫ মিনিটে ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশবঞ্চিত ৯,৮৪২ জন প্রার্থীর পক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রমনা জোনের এডিসি মহোদয়ের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব আবদুল খালেক স্যারের সঙ্গে তাঁর নিজ দপ্তরে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে শিক্ষা সচিব মহোদয় আমাদের নিয়োগের বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন। তিনি জানান, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শেষ হওয়ার পর এ বিষয়ে মিটিং করে আমাদের নিয়োগের ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে NTRCA-এর চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা হয়েছে।
আমরা মন্ত্রণালয় থেকে NTRCA-তে লিখিত নির্দেশনা পাঠানোর অনুরোধ জানালে সচিব মহোদয় বলেন,
“আমি সচিব কথা দিলাম তো! ভাইভার পর তোমাদের নিয়োগ দেব। তোমরা আন্দোলন প্রত্যাহার করে বাসায় যাও।”
পরবর্তীতে নিয়োগের অগ্রগতি সম্পর্কে কীভাবে জানতে পারব—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কাছে চলে আসবা। আমি তোমাদের সঙ্গে আবার কথা বলব।”
শিক্ষা সচিব মহোদয়ের দেওয়া ইতিবাচক আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা দুপুর ২টা ১৩ মিনিটে সচিবালয় ত্যাগ করি এবং চলমান মানববন্ধন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করি।
আমাদের প্রত্যাশা, দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়িত হবে এবং ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত ৯,৮৪২ জন প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।
আমরা আশাবাদী, এবার আশ্বাসের বাস্তবায়ন হবে।
আমাদের অধিকার, আমাদের নিয়োগ।