বানারীপাড়া প্রতিনিধি:
বানারীপাড়া বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজারে আদালতের স্থিতাবস্থা অমান্য করে তালা ভেঙে একটি দোকানঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ছালাম সুফি (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সরকারি জমিতে অবস্থিত এই দোকানঘরটি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ এখন চরমে পৌঁছেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, মৃত হক সুফি (মুন্সি)র মালিকানাধীন এই দোকানটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ বিদ্যমান। বিরোধের জেরে ২০২৫ সালের ১৬ নভেম্বর বরিশাল বানারীপাড়া সহকারী জজ আদালতে আঃ ছালাম সুফি বাদী হয়ে আঃ হাকিম সুফি গং-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অন্যদিকে, ২০২৬ সালে জালিয়াতি ও অবৈধ দখলের অভিযোগ এনে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছালাম সুফি গং-এর বিরুদ্ধে পাল্টা মামলা করেন মোঃ মিজান (৩২)।
দোকানটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে জনতা বাজার কমিটির সিদ্ধান্তে ঘরটি তালাবদ্ধ করা হয় এবং চাবি উপজেলা ভূমি অফিসে জমা রাখা হয়। পরবর্তীতে ছালাম সুফির দায়ের করা মামলায় আদালত দেওয়ানী কার্যবিধির ৩৯ আদেশের ১ ও ২ নং বিধি এবং ১৫১ ধারার আলোকে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান না করে উভয় পক্ষকে স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার নির্দেশ দেন। একইসঙ্গে ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, গত রবিবার (৫ এপ্রিল) আদালতের নির্দেশনা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছালাম সুফি নিজেই দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ঘরটি দখলে নেন। বিষয়টি জানাজানি হলে বাজার কমিটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বানারীপাড়া থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসকে অবহিত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হক সুফির মৃত্যুর পর তার বড় ছেলে হামেদ সুফি দোকানটি পরিচালনা করতেন। অসুস্থতার কারণে তিনি প্রতিবেশী ছালাম সুফিকে ঘরটি ভাড়া দেন।
গহামেদ সুফির মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের অন্ধকারে রেখে ২০১৪ সালের ২৫ নভেম্বর তার স্ত্রী রাহেলা বেগমের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে দোকানটি লিখে নেওয়ার অভিযোগ রয়েছে ছালাম সুফির বিরুদ্ধে।
দোকানঘরটি বর্তমানে সরকারি জমিতে অবস্থিত হলেও দুই পক্ষই সেটিকে নিজেদের মালিকানা দাবি করে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে। সরকারি জমিতে এমন দখলদারিত্ব এবং আদালতের নির্দেশ অমান্য করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে আইনের মাধ্যমে প্রকৃত হকদার দোকানটি ফিরে পায়।