জাকির হোসেন, বানারীপাড়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।
শনিবার (৮ মে) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মাকসুদুর রহমান ডালিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিককে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা মেনে চলার শর্তে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
উক্ত আদেশের ফলে মো. মাকসুদুর রহমান ডালিম ও রফিক মল্লিক এখন থেকে পুনরায় বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তাদের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট এলাকায় এই খবর পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।