জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও জগন্নাথপুর পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। অমর মরমী সাধক কবি রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের গাছপালাসহ পুরো চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। উপজেলা প্রশাসনের এমন নান্দনিক ও পরিচ্ছন্নতা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পৌরবাসী।স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এভাবে স্বউদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালাতে দেখা যায়নি। যুগ যুগ ধরে বাংলা লোকসাহিত্যের অন্যতম পুরোধা পুরুষ সাধক রাধারমণ দত্তের জন্মস্থান ও স্মৃতিবিজড়িত জগন্নাথপুরের এই জনপদে তাঁর মৃত্যুবার্ষিকী পালনের প্রাক্কালে উপজেলা চত্বরের পরিবেশ সুন্দর ও পরিপাটি করার এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
উপজেলা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী জানান, রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বরে অনুষ্ঠান পালন করা হবে। তাই উপজেলা চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার এই কাজগুলো চলছে।
জগন্নাথপুর পৌরসভার বাসিন্দারা জানান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন একজন ভালো ও সংস্কৃতিমনা মানুষ। তিনি জগন্নাথপুর যোগদানের পর থেকেই বিভিন্ন জনকল্যাণমূলক ও নান্দনিক কাজের মাধ্যমে প্রশংসিত হচ্ছেন। উনার মতো কর্মকর্তা থাকলে এলাকার উন্নয়নে কোনো কমতি থাকবে না।জগন্নাথপুরের সাংস্কৃতিক কর্মী ও জগন্নাথপুর শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী বলেন, “সাধক কবি রাধারমণ দত্তের জন্মস্থান জগন্নাথপুরের কেশবপুর গ্রামে। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এবং গানেরও আয়োজন থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তার এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনমূলক উদ্যোগকে আমি আন্তরিক স্বাগত জানাই।”
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, “পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মরমী সাধক রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বরে অনুষ্ঠান পালন করা হবে, তাই সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে।”