শেরপুর প্রতিনিধি :
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপক, জনপ্রিয় ফুটবল কনটেন্ট ক্রিয়েটর এবং সম্প্রতি ব্যালন ডি’অর অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী উপস্থাপক ফুয়াদ আব্দুল আজিজকে সংবর্ধনা প্রদান করেছে মৌলভীবাজারের গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফুয়াদ আব্দুল আজিজ বিদ্যালয়ে উপস্থিত হলে শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সংশ্লিষ্টরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার মাধ্যমে তাকে স্বাগত জানান।
ফুয়াদ আব্দুল আজিজের এই অর্জন ও সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশের পরিচিতি তুলে ধরতে তার ভূমিকা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস বলে মনে করেন উপস্থিত ব্যক্তিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ, মৌলভীবাজার ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী আবেদ, সমাজসেবী বদরুল ইসলাম রিপন, ইসমাম কোরেশি আকিব এবং সাংবাদিক রিপন মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফুয়াদ আব্দুল আজিজ তার মেধা, দক্ষতা, পরিশ্রম ও উপস্থাপনার মাধ্যমে দেশের ফুটবল অঙ্গনে একটি পরিচিত অবস্থান তৈরি করেছেন। আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল আয়োজনে তার অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। তার এই সাফল্য নতুন প্রজন্মকে নিজেদের প্রতিভা বিকাশে উৎসাহিত করবে।
তারা আরও বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে নিজ যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি অর্জন করা নিঃসন্দেহে প্রশংসনীয়। তরুণদের উচিত পড়াশোনার পাশাপাশি নিজেদের আগ্রহ ও প্রতিভার জায়গায় মনোযোগী হওয়া এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা।
পরে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ফুয়াদ আব্দুল আজিজের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা তাকে অভিনন্দন জানান এবং তার আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, ফুটবলবিষয়ক উপস্থাপনা ও কনটেন্ট তৈরির মাধ্যমে ফুয়াদ আব্দুল আজিজ তরুণ ফুটবলপ্রেমীদের কাছে পরিচিতি লাভ করেছেন। তার এই অর্জন স্থানীয় শিক্ষার্থী ও তরুণ সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।