ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার দায়িত্ব পাওয়া নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত মোঃ তাহির মিয়া ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সক্রিয় পদধারী ব্যক্তি হয়েও সরকারি এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে তিনি কীভাবে তথ্য সংগ্রহকারীর কাজ পেলেন—তা রহস্যজনক। তাহির মিয়া নির্ধারিত সরকারি যোগ্যতা ও নীতিমালা অনুসরণ করে মনোনীত হয়েছেন, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক প্রভাব ছিল, তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নির্বাচনের সঠিক মানদণ্ড প্রকাশ এবং মোঃ তাহির মিয়ার নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন সচেতন স্থানীয়রা।
তারা এই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ তাহির মিয়া ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।