রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ঢাকাগামী ডিআই পিকআপ জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৪) ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর গোলচত্বর এলাকার ‘ভাই ভাই হোটেল’-এর সামনে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় ত্রিপল দিয়ে মোড়ানো একটি সন্দেহভাজন ঢাকাগামী ডিআই পিকআপকে (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন- ১৯-০৬২৭) সিগন্যাল দিয়ে আটক করা হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৭ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা সমমূল্যের অবৈধ ভারতীয় ‘কাবেরী’ মেহেদী (Kaveri Mehendi Cone) এবং ‘প্রভুজী ভুজিয়াওয়ালা’ ব্র্যান্ডের সোন পাপড়ি (Soan Papdi) উদ্ধার করা হয়।
অভিযানের সময় গাড়িতে থাকা দুই পাচারকারীকে আটক করে পুলিশ। আটকরা হলেন:
ইমরান আহমদ (৩০): সিলেট জেলার গোয়াইনঘাট থানার গোরাগ্রামের ইসমাইল আলীর ছেলে।
আল আমিন (২৫): একই জেলার গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার আতাউর রহমানের ছেলে।
শেরপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব চোরাচালানের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ওবায়দুল্লাহ বলেন এই ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।