বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চিংড়িতে জেলি পাওয়া এবং বেকারিতে খাদ্য উৎপাদনে নানা অনিয়মের অভিযোগে দুই মাছ বিক্রেতা ও একটি বেকারিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল নতুন বাজারের মাছ বাজার ও সিন্দুরখান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন,স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং সহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা।
অভিযানকালে গলদা চিংড়িতে জেলি মেশানোর অভিযোগে মো. আব্দুল্লাহ ও মো. মুহিবুর রহমানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া উপজেলার সিন্দুরখান রোডের ভিআইপি বেকারিতে অভিযান চালিয়ে নন-ফুডগ্রেড রং ব্যবহার,উৎপাদিত কিছু পণ্যে মেয়াদের লেবেল না থাকা,নকল হরলিক্স বিস্কুট উৎপাদন,কিছু পণ্যে উৎপাদনের তারিখ পরের দিন উল্লেখ করা এবং অপরিচ্ছন্ন ট্রেতে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে বেকারিটির ৩৭টি পণ্যের মধ্যে ৩৪টিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন না থাকার বিষয়টিও ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন বলেন,নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন এবং ভোক্তাদের জন্য মানসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও শাস্তিমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সিলেট নিউজ২৪/এসডি.